বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইতোমধ্যে নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সকাল থেকে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ আসছে। একটি নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত এমন ঘটনা দুঃখজনক। জাল ভোট, বিরোধী দলের সমর্থকদের ভোট দিতে না দেওয়া, সকালেই রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো গুরুতর অনিয়মের খবর পাচ্ছি।
এদিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩ দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ ইতোমধ্যেই জাতির সামনে চলে এসেছে।
জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনওই খাটাতে চায় না।
