শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ. লীগ নেতাকে হত্যা, আটক ২

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মধ্যভাটেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবুল মনসুরের ছেলে। তিনি আওয়ামী লীগের স্থানীয় একটি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

পুলিশ ও পরিবার জানায়, বুধবার রাতে শামীম তার শ্বশুরবাড়িতে ছিলেন। রাত ৮টার দিকে স্থানীয় কিছু ব্যক্তি তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বেড়িবাঁধ এলাকার তলতলা স্থানে মরদেহ ফেলে রেখে যায়।

নিহতের ভাই মো. সেলিম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ চলছিল। এর জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না।

ওসি জানান, নিহত ও অভিযুক্তদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত