বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম লজু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব উত্তর কোলাকোপা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম লজু (৪৫) ওই গ্রামের বাসিন্দা, পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
অভিযুক্ত শিপন মিয়া (২২) বর্তমানে পলাতক রয়েছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, পারিবারিক কলহের জেরে শিপন মিয়া বুধবার গভীর রাতে লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিপন মিয়া পলাতক রয়েছেন।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
