শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে। সে ক্ষেত্রে আগের শনিবারের ছুটি বাতিল হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তবে একযোগে সব স্কুলে নয়, বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এ যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

তিনি আরও বলেন, শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত