গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

জানা গেছে, তেল সংকটের কারণে গোপালগঞ্জ পৌর এলাকার ৭টি ফিলিং স্টেশনে ভোর থেকেই তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গাড়িচালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি।

এ অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে গাছের গুঁড়ি সরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত থেকে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করেন। জ্বালানি সরবরাহ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

অবরোধকারীরা অভিযোগ করেন, ফিলিং স্টেশনগুলোতে তেল থাকা সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছিল না। ভোর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা তেল পাননি, ফলে তাদের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান লফিজ জানান, গভীর রাত পর্যন্ত তেল সরবরাহ করতে গিয়ে কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছেন। ফলে তেল বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত