জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই। আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ।
শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজ চলছে গোজামিলের মধ্য দিয়ে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। মনে রাখবেন, পাপ বাবকেও ছাড়ে না।
জামায়াত আমির বলেন, জ্বালানিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে। সেখানে সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বললে মনে হয়, তেলের ওপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চোর-চোট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।
তিনি বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে- এটা যেন ভুলে না যাই। সমাজে যার যেটুকু পাওনা, দিতে হবে। দেশ-জাতির জন্য পাওনা পরিশোধ করতে পারলে হাশরের ময়দানে আল্লাহ হিসাব সহজ করে দেবেন। প্রত্যেক মানুষ যদি আল্লাহর ভয়ে তার দায়িত্ব পালন করে, তাহলে বাংলাদেশ মুক্তি পেয়ে যাবে।
সরকারের কাছে আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আসুন, আমরা অতীত থেকে শিক্ষা নেই। মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। কৃষি বিপর্যস্ত হলে দেশের বিপর্যয় কোনো কিছু দিয়ে ঠেকানো যাবে না। বৈদেশিক ঋণ নিয়েও তা ঠেকানো সম্ভব হবে না।
