কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, আতঙ্কে ২ কলেজ শিক্ষক

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে কলেজে দুই শিক্ষকের নামে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় ক্যাম্পাস চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পরে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে এ ঘটনা ঘটে।

এবিষয়ে কলেজের কার্যালয় জানায়, ৯ এপ্রিল দুপুরে কলেজ ছুটির সময় অফিস সহকারী রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি পার্সেল গ্রহণ করেন। দুইদিন কলেজ বন্ধ থাকায় রবিবার সকালে পার্সেল দুটি খোলা হলে প্রত্যেকটিতে এক সেট করে সাদা কাফনের কাপড় পাওয়া যায়। পার্সেল দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সামাদের নামে পাঠানো হয়।

পার্সেলে কোনো প্রেরকের ফোন নম্বর উল্লেখ না থাকলেও জনি শেখ ও লিখন হোসেন নামে দুই ব্যক্তির নাম রয়েছে।

এবিষয়ে পার্সেলের মালিক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদ বলেন, আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। কে বা কারা এমন কাজ করেছে, তা বুঝতে পারছি না। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।

কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। বিষয়টি গুরুদাসপুর থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর আলম জানান , ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পেছনে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত