ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম

ফরিদপুর জেলার ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ যাত্রী আহত হন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে যায়। এসময় দুর্ঘটনায় ঘটনাস্থলে জাহাঙ্গীর মোল্লা (৪০) নামে পিকআপের যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে। তার বাবার নাম সেকেন মোল্লা। এছাড়া ঢাকায় নেওয়ার পথে নেশারউদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪০) মারা যান।

দুর্ঘটনায় বাসে থাকা ৩৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।

তাদের মধ্যে গুরুত্বর আহতদের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে অধিকাংশ আহতদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্নসহ কেটে গেছে।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামে একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের বিভিন্ন  হাসপাতালে প্রেরণ করি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণ করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত