পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। 

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আজ আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় পঞ্চম বছরে পদার্পণ করেছে।

বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এজন্য কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগাযোগের দক্ষতা, কম্পিউটার ও ইন্টারনেটে দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া উপাচার্য শিক্ষার্থীদের গবেষণার কাজে সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি তুলে ধরে উপাচার্য বলেন, ৫০ বছরের একাডেমিক ও ক্যাম্পাস মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এজন্য ইতোমধ্যেই দুইটি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষে ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে, যা চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ হবে বলে আশা করছি।

উপাচার্য বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান ও অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট নাজমা আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত