পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা বাজারে একটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। সেখানে ভুয়া চিকিৎসকের চিকিৎসা সেবাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ দুইজনকে দণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৌমিত্র সিনহা।
অভিযান সূত্রে জানা যায়, সাফা বাজারে মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলছিল। বিশেষ করে, সেখানে ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করে ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়া পিসি বর্মনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা খাতে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
