উদীচীর বাংলা নব বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজন, যা থাকছে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ এএম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিবারের মত এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা নববর্ষ ১৪৩৩ : তথা পহেলা বৈশাখ উপলক্ষে  উদীচীর উদ্যোগে মঙ্গলবার (১৪এপ্রিল) রাজধানীর তোপখানা রোডের (জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে) সত্যেন সেন চত্বরে এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। উদীচী জানিয়েছে এবারের বর্ষবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘বৈশাখীর রুদ্র-রোষে ধ্বংস হোক সামাজিক ফ্যাসিবাদ’।

জানা গেছে হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নববর্ষের ঘোষণা পাঠ করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মৌমিতা জান্নাত ও সজীব তানভীর। বিকেল ৪টায় রিদিকের ‘রাগ ভৈরব’ পরিবেশনার মধ্য দিয়ে উদীচীর উৎসবের সূচনা হবে। এরপর উদীচীর কেন্দ্রীয় শিল্পীসহ সাভার ও ডেমরা শাখার শিল্পীরা সমবেত গান পরিবেশন করবেন। নৃত্যগুরু সাজু আহমেদের পরিচালনায় ‘কথক নৃত্য সম্প্রদায়’ পরিবেশন করবে সমবেত নৃত্য। এছাড়াও  এই আয়োজনে থাকছে দিঠী ও প্রীতমের দ্বৈত নৃত্য। আবৃত্তি পর্বে একক আবৃত্তি পরিবেশন করবেন দীপক সুমন ও মৌমিতা জান্নাত। লোকজ সুরের মূর্ছনায় বাউল গান নিয়ে উপস্থিত হবেন আলমগীর ও রশিদ। একক সংগীত পরিবেশন করবেন মায়েশা সুলতানা উর্বি, মীর সাখাওয়াত, সুরাইয়া পারভীন, মুসা কলিম, জাকির হোসেন লিমন, তুহিন দাস এবং সোনিয়া সরকার।

উদীচী বিশ্বাস করে, সুস্থ ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চাই পারে সমাজ থেকে ফ্যাসিবাদী মানসিকতা ও অশুভ শক্তিকে নির্মূল করতে। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আয়োজিত এই উৎসবে সকল গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিমনা নাগরিকদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত