হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭ শিশুর

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ এএম

এক দিনে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের দুইজন হামে এবং পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত হামে ৩০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে এই কয়দিনে ১৮৬ শিশুর প্রাণহানি হয়েছে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামে এক দিনে মৃত দুইজনই ঢাকার। উপসর্গ নিয়ে মৃত পাঁচ শিশুর চার জন ঢাকা এবং এক জন রাজশাহীতে। ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৭১, নিশ্চিত হাম রোগী ৮২ জন। গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ২৪ জন, ভর্তি হয়েছে ১০ হাজার ৯৫৪ জন, ছাড়পত্র পেয়েছে ৮ হাজার ৩৬৯ জন এবং নিশ্চিত হাম রোগী ২ হাজার ৭২১ জন।

হাম নিয়ন্ত্রণে ১২ এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশেনে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে দেশের বাকি অংশে এই টিকাদান কার্যক্রম চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত