বগুড়া শহরের পৌর এডওয়ার্ড পার্ক প্রাঙ্গণে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে এই বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন। এরপর এসো হে বৈশাখ গানের তালে নৃত্যে নতুন বছরকে বরণ করে নেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের সংস্কৃত কর্মীরা। এরপর অতিথিদের ঐতিহ্যবাহী খাবার, খাগরাই, মুড়কী, বাতাসাসহ দেশীয় খাবারে মিষ্টিমুখ করানো হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাঙালী জাতির সবচেয়ে বড় উৎসবে সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা–সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন নির্মাণকাজও প্রায় শেষের পথে। এছাড়াও বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা।
তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। পাশাপাশি, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন। বৈশাখী মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব এডভোকেট পলাশ খন্দকারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাছানাত আলী, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক মোজাম্মেল হক লালু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কেএম খায়রুল বাসার, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মাহমুদুল হাসান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান রুমেল, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাহিন সহ আরও অনেকে। উদ্বোধন আলোচনা শেষে অতিথিরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বৈশাখী শোভাযাত্রা থেকে
২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী