নৌবাহিনীর শক্তি প্রদর্শনে নতুন মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নৌবাহিনীর নতুন ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

রবিবার ৫ হাজার টন শ্রেণির ডেস্ট্রয়ার 'চো হিয়ন' থেকে দুইটি কৌশলগত ক্রুজ মিসাইল ও তিনটি অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ করা হয়। রাষ্ট্রীয় সংবাদপত্র জানায়, ক্রুজ মিসাইলগুলো দুই ঘণ্টার বেশি এবং অ্যান্টি-শিপ মিসাইলগুলো ৩০ মিনিটের বেশি সময় ধরে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে ছুটে গিয়ে সফলভাবে আঘাত হানে।

সরকারি গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং উন ও শীর্ষ কর্মকর্তারা উপকূল থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন।

এর আগেও গত মাসে একই যুদ্ধজাহাজ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল। কিম জানান, নৌবাহিনীর পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানো এবং আক্রমণ ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা জোরদার করাই তাদের লক্ষ্য।

উত্তর কোরিয়া বলছে, 'চো হিয়ন' যুদ্ধজাহাজটি পারমাণবিক সক্ষম ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক অস্ত্র বহনে সক্ষম। তবে দক্ষিণ কোরিয়ার কিছু বিশেষজ্ঞ এর পূর্ণ কার্যক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে পিয়ংইয়ং। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত