'আমাদের জয় দেখতে ওরা ভয় পায়' -রেফারির ওপর চটলেন রাফিনহা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়টা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ শেষে রেফারিদের তীব্র সমালোচনা করার পাশাপাশি দর্শকদের দিকে আপত্তিকর অঙ্গভঙ্গি করে বিতর্কের জন্ম দিয়েছেন এই তারকা। চোটের কারণে নিজে মাঠে নামতে না পারলেও গ্যালারিতে বসে দলের এই ‘অন্যায্য’ হার দেখে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে মাদ্রিদের এস্তাদিও মেত্রোপলিতানোতে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে রাফিনহাকে দেখা যায় আতলেতিকো সমর্থকদের দিকে হাত দিয়ে ‘ডাকাতি’ বা ‘ছিনতাই’ করা হয়েছে এমন ইঙ্গিত করতে। এমনকি আতলেতিকো পরবর্তী রাউন্ড থেকেই বিদায় নেবে—এমন একটি ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গিও করেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাফিনহা সরাসরি বলেন, 'আমার কাছে এটা স্রেফ ডাকাতি। কেবল এই ম্যাচ নয়, গত সপ্তাহের ম্যাচেও আমাদের সাথে একই কাজ করা হয়েছে। রেফারিং ছিল খুবই নিম্নমানের। অবিশ্বাস্য সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের বিপক্ষে। আতলেতিকোর খেলোয়াড়রা একের পর এক ফাউল করেও পার পেয়ে গেছে, রেফারি তাদের একটি হলুদ কার্ড দেখানোর প্রয়োজনও মনে করেননি।'

বার্সেলোনার ক্ষোভের কারণ অবশ্য আরও গভীর। প্রথম লেগে তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখেছিলেন এবং দ্বিতীয় লেগের ৭৯ মিনিটে এরিক গার্সিয়াকেও মাঠ ছাড়তে হয়। এছাড়া দুটি ম্যাচেই পেনাল্টি না পাওয়ার অভিযোগ তুলেছে কাতালান ক্লাবটি। এসব সিদ্ধান্তের দিকে আঙুল তুলে রাফিনহা বলেন, 'আমি জানি না বার্সেলোনাকে জিততে দেখলে কেন সবাই এতটা ভয় পায়।'

কোচ হানসি ফ্লিক অবশ্য রাফিনহার মতো এতটা আক্রমণাত্মক হননি। প্রথম লেগ শেষে রেফারির ওপর চটলেও কালকের ম্যাচের পর তিনি বলেন, 'দুই লেগ মিলিয়ে যদি দেখেন, আমরা আতলেতিকোর চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছি। কিন্তু দিনশেষে এটাই ফুটবল এবং ফলাফল মেনে নিতেই হবে।'

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও ঘরোয়া লিগ লা লিগায় এখনো শক্ত অবস্থানে আছে বার্সেলোনা। ৩১ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। ইউরোপীয় আসরের আক্ষেপ ভুলে এখন লিগ শিরোপা নিশ্চিত করাই হবে কাতালানদের মূল লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত