শাপলা চত্বর গণহত্যায় মামুনের সম্পৃক্ততা পেল ট্রাইব্যুনাল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, শাপলা চত্বর গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান তিনি।

এ বিষয়ে চলা তদন্ত শেষ হলে ব্রিফিং করে সব জানানো হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর বলেন, চলমান তদন্তে তার সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এর আগে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। এতে লাখো কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন।

সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।

শাপলা চত্বরের অভিযানে ৬১ জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশ নিহতের সংখ্যা ৯৩ জন বলে দাবি করে। সংগঠনটি নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত