ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি প্রত্যেক অর্থদণ্ড দেওয়া হয়।চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান বুধবার (১৫ এপ্রিল) এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) সিরাজুল ইসলাম, আবু দাউদ চৌধুরী রিপন ও মো. শাহ আলম।
দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, আসামি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলামকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এক বছরসহ মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৩৯ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি আবু দাউদ চৌধুরী (রিপন) ও মো. শাহ আলমকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার তৎকালীন ব্যবস্থাপক সিরাজুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ জমা না থাকা সত্ত্বেও নিয়ম ভঙ্গ করে ওভারড্রাফট সুবিধা দেন। এর মাধ্যমে ১৯৯৮ সালে ১০টি চেকের বিপরীতে প্রায় ৩৪ লাখ ১৪ হাজার ৪২২ টাকা এবং পরবর্তীতে ১৯৯৯ সালে আরও ৪টি চেকের মাধ্যমে ১ কোটি ১৭ লাখ টাকা উত্তোলন করা হয়। আসামিরা এসব অর্থ অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেন বলে অভিযোগ প্রমাণিত হয়।
