ইতিহাস সেরা ফুটবলারের পাশে থাকতে পেরে কৃতজ্ঞ মেসির নতুন কোচ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

ইন্টার মায়ামির ডাগআউটে শুরু হলো এক নতুন অধ্যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে হাভিয়ের মাশচেরানো কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গুইলারমো হোয়োস। আর এর মাধ্যমেই ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক আবেগঘন পুনর্মিলনের। আজ থেকে ২০ বছর আগে বার্সেলোনার বিখ্যাত 'লা মাসিয়া' একাডেমিতে যে গুরুর হাত ধরে লিওনেল মেসির উত্থান শুরু হয়েছিল, সেই হোয়োসই এখন মায়ামিতে মেসির মাস্টারমাইন্ড।

বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়োস মেসির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। বার্সেলোনার সেই দিনগুলোর স্মৃতিচারণ করে মেসি ২০০৫ সালে একবার বলেছিলেন, "বার্সেলোনায় আসার পর থেকেই তিনি (হোয়োস) আমাকে অনেক সাহায্য করেছেন। সব সময় আমার পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন এবং আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে যা যা করা সম্ভব সব করেছেন।"

আজ সেই গুরু-শিষ্য আবারও এক কাতারে। তবে হোয়োস পেশাদারিত্ব আর বন্ধুত্বের সীমারেখাটা খুব ভালো করেই জানেন। তিনি বলেন: “বন্ধুত্বের সাথে কোনো আপস চলে না। আমাদের এই সম্পর্ক বহু বছরের। কিন্তু তার মানে এই নয় যে, আমি সারাক্ষণ তার (মেসি) ওপর ছড়ি ঘোরাব। আমাদের অবশ্যই তার ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তাকে সম্মান করতে হবে। ইতিহাসের সেরা ফুটবলারের পাশে থাকাটা এক অসাধারণ অভিজ্ঞতা। আমি এর জন্য কৃতজ্ঞ।”

মেসি যখন হোয়োসের অধীনে বার্সেলোনা যুব একাডেমিতে

গত মঙ্গলবার মাশচেরানো আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির কোচের পদ ছাড়ার ঘোষণা দেন। নিউ ইয়র্ক রেড বুলসের সাথে ২-২ গোলে ড্র করার পরই তিনি ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এরপরই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর বিভাগ থেকে হোয়োসকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। নিজের নতুন ভূমিকা নিয়ে হোয়োস বলেন: “আমি ক্লাবের সেবার জন্য সর্বদা প্রস্তুত। কয়েক দিন আগে আমি অন্য ভূমিকায় ছিলাম, আজ পরিস্থিতি ভিন্ন। ক্লাব যখনই যা চাইবে, আমি সেখানেই থাকব।”

আগামী শনিবার কলোরাডো র‍্যাপিডস-এর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে হোয়োসের জন্য এটিই হবে প্রথম বড় পরীক্ষা। ২০২৬ সালে মেসির গোল ও অ্যাসিস্টের দারুণ ফর্মের ধারা বজায় রেখে দলকে জয়ের পথে ফেরানোই হবে তার মূল লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত