হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংঘটন যুবলীগ নেতা মো. শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলা জগদীশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রমনা থানা ও মাধবপুরের বৈষম্যবিরোধী মামলা এজাহারভুক্ত পলাতক আসামি।
গ্রেপ্তার শাহাব উদ্দিন একই ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র মজুদ ও ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উক্ত দুটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে মাধবপুর থানার উপপরিদর্শন (এসআই) মো.ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগসহ দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হবে।
