হিলিতে তাপদাহের প্রভাবে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, আবার রাতে কিছুটা ঠাণ্ডা। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। রোগীদের বাড়তি ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের খাবার পরিহার ও নিরাপদ পানি পানের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের হিলিতে গতকয়েকদিন ধরেই ৩৫ থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। সেই সঙ্গে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। আবহাওয়ার এমন পরিবর্তনজনিত কারণে হিলিতে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা।

হাসপাতালে আসা আব্দুর রাজ্জাক বলেন, আমার নানা হঠাৎ করে বেশ কয়েকবার পাতলা পায়খানা করেছেন। ওষুধ খাওয়ায়ে কোনও কাজ হচ্ছে না। সম্ভবত তার ডায়রিয়া হয়েছে। এ কারণে নানাকে হিলি হাসপাতালে নিয়ে আসছি।

হাসপাতালে আসা নিরেন পাল বলেন, আমার স্ত্রীর হঠাৎ করে ডায়রিয়া হয়েছে। পাতলা পায়খানা করতে করতে অবস্থা একেবারে খারাপ। কয়েকদিন হলো ডায়রিয়া ভালো হচ্ছে না। যার কারণে আমি তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসছি চিকিৎসার জন্য।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাঈমুর রহমান বলেন, বর্তমানে আমাদের এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ডায়রিয়া বেশি হওয়ার কারণ সিজনাল পরিবর্তন, সঙ্গে তীব্র গরম। এই রোগ থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণ পানি পান ও বাইরের খাবার কম খেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত