কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ অনুযায়ী, উপজেলার বাংগড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের দক্ষিণ পাড়া চৌধুরী বাড়ির বাসিন্দা মাস্টার সিরাজুল হকের পরিবার ১৯৭১ সালে মঞ্জু চৌধুরীর কাছ থেকে প্রায় ৭০ শতক জমি কিনে সেখানে বসবাস করে আসছে। তবে ওই জমির মধ্যে ১৫ শতক নিয়ে দীর্ঘদিন ধরে মাস্টার সামছুল হকের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৫২ বছর ধরে আদালতে মামলা চলমান।
ভুক্তভোগী পরিবারের দাবি, পরিবারের সদস্যরা প্রবাসে থাকার সুযোগে গত বৃহস্পতিবার (১৬এপ্রিল) মাস্টার সামছুল হকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কেটে ফেলা হয়। এ বিষয়ে মাস্টার সিরাজুল হকের ছেলে প্রবাসী নজরুল ইসলাম বলেন, ছুটিতে দেশে এসে পরিবার নিয়ে সময় কাটানোর কথা ছিল। কিন্তু হঠাৎ করে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁদের চার ভাইয়ের বেশির ভাগই প্রবাসে থাকায় বাড়িতে পুরুষ সদস্যের উপস্থিতি কম। তবে অভিযোগ অস্বীকার করে মাস্টার সামছুল হক বলেন, তাঁরা কেবল টিনের বেড়ায় হাত দিয়েছেন, ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটেনি। জমিটির প্রকৃত মালিকানা তাঁদের বলেও দাবি করেন তিনি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
