সিটির মাঠে জয়ের বিকল্প ভাবছেন না আরতেতা, খেলা হচ্ছে না সাকার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এই ম্যাচের আগে আর্সেনাল বস মিকেল আরতেতা সাফ জানিয়ে দিয়েছেন, তারা জয়ের জন্যই মাঠে নামবেন। বর্তমানে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে গানাররা, যদিও সিটি একটি ম্যাচ কম খেলেছে।

​আর্সেনাল ২০১৫ সালের পর থেকে সিটির মাঠে কোনো জয় পায়নি। ড্র করলেও শিরোপার লড়াই নিজেদের হাতে রাখার সুযোগ থাকছে আরতেতার দলের সামনে। তবে এসব সমীকরণ নিয়ে ভাবছেন না আর্সেনাল কোচ। আরতেতা বলেছেন, "আমি এটা নিয়ে এক সেকেন্ডও কথা বলতে রাজি নই। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই প্রস্তুতি নিই, আর এ কারণেই আমরা আজ এই অবস্থানে আছি এবং আমরা সামনেও একই কাজ করে যাব। আমরা এই অবস্থানে আসার যোগ্যতা অর্জন করেছি। রোববারে আমাদের সামনে জয়ের দারুণ সুযোগ এবং সম্ভাবনা রয়েছে, যা সম্ভবত এই লিগের সেরা দল এবং সেরা ম্যানেজারের বিপক্ষে। এটি আমাদের জন্য বড় একটি প্রাপ্তি এবং আমরা ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা জেতার জন্যই প্রস্তুতি নিচ্ছি, এটি নিশ্চিত।"

​ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য দাবি করেছেন, এই ম্যাচে সিটি হেরে গেলে শিরোপা লড়াই সেখানেই শেষ হয়ে যাবে। এ প্রসঙ্গে আরতেতা বলেছেন, "আমি জানি না, এখনো ছয়টি ম্যাচ বাকি আছে। এটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিরোপার ভারসাম্য কিছুটা বদলে দেবে। তবে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচ জেতাই কঠিন। এই ম্যাচের পর সব দলের জন্যই বেশ কিছু কঠিন ম্যাচ বাকি থাকবে এবং আমাদের অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে জয় পেলে আপনি শিরোপার একটু কাছাকাছি পৌঁছাবেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচে জিতলে যেমন ফাইনালে যাওয়ার পথে এগিয়ে থাকা যায়, এটাও অনেকটা তেমনই। সে কারণেই আমরা রোববারের ম্যাচটি জিততে চাই।"

​তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না দলের অন্যতম সেরা তারকা বুয়াকো সাকা। আরতেতা নিশ্চিত করেছেন যে, অ্যাচিলিস ইনজুরির কারণে সাকা মাঠের বাইরে থাকবেন। এছাড়া ননি মাদুয়েকে, মার্টিন ওডেগার্ড এবং রিকার্ডো কালাফিওরিদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​গত বছরের সেপ্টেম্বরে দুই দলের লড়াইয়ে যোগ করা সময়ে গোল করে হার এড়িয়েছিল সিটি। সেই ম্যাচে আর্লিং হালান্ড ও আরতেতার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আরতেতা বলেন, "চিন্তা করবেন না। ফুটবলে মাইক খুব দ্রুতই আসছে আমি জানি না কখন আসবে। এটি এমন এক প্রতিযোগিতামূলক ম্যাচ যেখানে দুই দলই লিগ জিততে চায়। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না এবং সেই লড়াই নিশ্চিতভাবেই মাঠে দেখা যাবে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত