হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত ইব্রাহিম মিয়া (২৬) ওই এলাকার লিন্দন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের একটি ফুটবল খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে সৌরভ মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খেলা শেষে সৌরভ মিয়া ছুরি দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালায়। এসময় ইব্রাহিমের পিঠসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে জানতে পারেন, প্রতিবেশী সৌরভ মিয়া তার ভাইকে ছুরিকাঘাত করেছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
