লাকসামে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, জরিমানা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

কুমিল্লার লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স সাথী অয়েল’ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের আগে এনএসআইয়ের একটি দল গোপন নজরদারির মাধ্যমে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির তথ্য নিশ্চিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি লিটার জ্বালানি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। প্রতিষ্ঠানটির মালিক মো. হারুনুর রশিদ দাবি করেন, তাঁর কাছে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি মজুদের লাইসেন্স রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি লাইসেন্স প্রদর্শন করতে পারেননি। পরে আগামী ১৯ এপ্রিল উপজেলা কার্যালয়ে লাইসেন্স উপস্থাপনের আশ্বাস দেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষে মজুদ থাকা জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত