টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

কক্সবাজারে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন তোফায়েল (২১), মো. ইউনুস (৩৩) ও  মো. সিফাত (২০)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। 

৬৪ বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসা পাচারকারীদের চ্যালেঞ্জ করলে তাদের সহযোগীরা দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধাওয়া করে নাফ নদীর তীর এলাকা থেকে মো. তোফায়েল ও মো. ইউনুসকে আটক করা হয়। এসময় তাদের কাছ থাকা একটি পোটলায় থাকা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একইদিন সন্ধ্যায় হোয়াইক্যং বিওপির সদস্যরা ক্যারেঙ্গাঘোনা এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে মো. সিফাতকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত