গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ অকটেন, ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগরীর কোনাবাড়ীর নতুনবাজার এলাকায় অবস্থিত মেসার্স আলী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসন গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, গোপন খবর পেয়ে ফিলিং স্টেশনটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ২৬২ লিটার অকটেন, ৩ হাজার ৩২৪ লিটার ডিজেল এবং ৯৬০ লিটার পেট্রোল শনাক্ত করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়ছে।
অভিযান চলাকালে জব্দকৃত জ্বালানির মধ্যে ১ হাজার লিটার অকটেন তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। অবশিষ্ট ১ হাজার ২৬২ লিটার অকটেনসহ ৩ হাজার ৩২৪ লিটার ডিজেল ও ৯৬০ লিটার পেট্রোলও পর্যায়ক্রমে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত দামে বিক্রি করবে।
এদিকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রির অভিযোগে কোনাবাড়ি এলাকায় তামিম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
