ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র নেইমার কি তবে নিজ ঘরের মাঠেই পরবাসী হয়ে উঠছেন? সান্তোসে ফেরার পর থেকে সময়টা মোটেও ভালো কাটছে না তার। গতকাল ব্রাজিলিয়ান লিগে ফ্লুমিনেন্সের কাছে ৩-২ ব্যবধানে হারের পর এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভিলা বেলমিরোতে। মাঠ ছাড়ার সময় নেইমারের একটি ভঙ্গি সমর্থকদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে।
কী সেই বিতর্কিত ভঙ্গি?
ম্যাচ শেষ হওয়ার পর যখন পুরো স্টেডিয়াম সান্তোস দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে দুয়োধ্বনি দিচ্ছিল, তখন নেইমারকে দেখা যায় দুই হাতে কান চেপে ধরে টানেলের দিকে এগিয়ে যেতে। সমর্থকদের অভিযোগ, দর্শকদের প্রতিবাদ না শোনার জন্যই তিনি এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেইমারকে ধুয়ে দেন ভক্তরা।
কান চুলকাচ্ছিলাম মাত্র" – নেইমারের ব্যাঙ্গাত্মক ব্যাখ্যা
বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলে চুপ থাকেননি নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাফ জানিয়ে দেন, তার ভঙ্গিটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিছুটা বিদ্রূপের সুরে নেইমার লেখেন, "আজ এমন দিনও এল যখন আমাকে 'কান চুলকানোর' ব্যাখ্যা দিতে হচ্ছে! সত্যি বলছি, আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এসবের মধ্যে বেঁচে থাকাটা খুবই কষ্টের! কোনো মানুষের পক্ষেই এটা সহ্য করা সম্ভব নয়।"
তবে তার এই ব্যাখ্যায় অনেক সমর্থকই তুষ্ট হতে পারেননি।
সান্তোসের নাজুক অবস্থা ও নেইমারের ফর্ম
ফ্লুমিনেন্সের কাছে এই হারের পর সান্তোস এখন রেলিগেশন জোনের একেবারে কাছে চলে এসেছে। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ১৫তম স্থানে আছে, যা রেলিগেশন জোনে থাকা করিন্থিয়ানসের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি।
নেইমারের জন্য ভিলা বেলমিরোতে এটি টানা দ্বিতীয় ম্যাচ যেখানে তিনি সমর্থকদের লক্ষ্যবস্তু হলেন। গত মঙ্গলবার কোপা সুদামেরিকানায় আর্জেন্টিনার দল রেকোলেটার সাথে ড্র করার পরও সমর্থকদের সাথে তর্কে জড়িয়েছিলেন তিনি।
সামনে বিশ্বকাপ: চিন্তার ভাঁজ ব্রাজিলের কপালে
বিশ্বকাপের দল ঘোষণার আর এক মাসও বাকি নেই। নেইমার নিজেকে প্রমাণ করার জন্য টানা তিনটি ম্যাচ খেললেও এখনো নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না। ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচেও তার বেশ কিছু ভুল দলের পরাজয়ে ভূমিকা রেখেছে।
নেইমারকে নিয়ে দ্বিধাবিভক্ত ব্রাজিল- ৪৭% পক্ষে, ৪৫% বিপক্ষে