মাদারীপুরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
সোমবার (২০ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির বিষয়ে জানানো হয়।
আদেশ অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত পরীক্ষা চলাকালীন নির্ধারিত কেন্দ্রসমূহের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রতিদিন পরীক্ষা শুরুর ২ ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষা শেষ হওয়ার ২ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজ ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তির প্রবেশ, সব ধরনের সমাবেশ, মিছিল, মিটিং, মাইকিং নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ বা যে কোনো ধরনের মারাত্মক অস্ত্র বহন করতে পারবেন না।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় সকলকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।
