কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ পিতাকে মারধর, অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আজাহারুল ইসলাম (৬৪) জানান, তার দুই ছেলে আল ইমরান (৩৮) ও আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তারা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে নির্যাতন করে। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক ডাকা হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে দুই ছেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে আল ইমরান লাঠি দিয়ে আঘাত করলে তা প্রতিরোধ করতে গিয়ে আজাহারুল ইসলামের ডান হাত মোচড় দিয়ে গুরুতর জখম করা হয়। অপর ছেলে আবু হুরায়রা ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে বড় ছেলে আ ন ম রেজওয়ানুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
এ সময় অভিযুক্তরা রেজওয়ানুল ইসলামকেও মারধর করে এবং পরে আজাহারুল ইসলামকে একটি ঘরে আটকে রেখে দরজায় তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, আমার ছোট দুই ভাই বাবার কাছে জমি লিখে নিতে চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় তারা বাবার ওপর নির্যাতন চালায়। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনও বৈঠকে আসেনি।
এ বিষয়ে অভিযুক্ত আল ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, ভুক্তভোগী থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।