ভৈরবে চোরের হুমকির প্রতিবাদে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের সমাবেশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরবের গকুলনগর বাজারে প্রতিনিয়ত চুরি হচ্ছে। এর প্রেক্ষিতে বাজারের ৩ শতাধিক ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে দোকান বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ সোমবার এই সমাবেশ করেন তারা।

সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত বাজারের কোনও না কোনও দোকানে একটি চক্র প্রতিনিয়ত চুরি করছে। সর্বশেষ গত শুক্রবার রাতে কিবলু মিয়ার দোকানে চুরি হয়। চোর চক্রটি কিবলু মিয়ার দোকানের মূল্যবান মুদি মালামাল নিয়ে যায়। পরবর্তীতে ব্যবসায়ীরা জুম্মান নামের একজনকে চুরি হওয়া কিছু মালামালসহ আটক করেন। পরবর্তীতে জুম্মান কৌশলে পালিয়ে যায়। পরে জুম্মানের পরিবার ব্যবসায়ীদের উল্টো হুমকি দেয়।

গকুলনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ বাজারে চুরি হচ্ছে। এর আগে ডাক্তার ফিরোজের দোকান, স্বপন মিয়ার দোকান, স্বর্ণকার উৎপলের দোকানসহ আরও অনেক দোকানে চুরি হয়েছে।

আগানগর ইউনিয়নের জামায়াত ইসলামের নেতা জামাল মোল্লা জানান, এই বাজারের চুরির সাথে স্থানীয় লোকজনই জড়িত। বংশগত দ্বন্দ্বের আশঙ্কায় আমরা কিছুই করতে পারছি না।

আগানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন জানান, এই চুরির অন্যতম কারণ হচ্ছে মাদক। একশ্রেণির তরুণ-যুবক যারা মাদক সেবনকারী হিসাবে এলাকায় চিহ্নিত তারাই প্রতিনিয়ত মাদকের টাকার জন্য বিভিন্ন স্থানে চুরি করছে।

আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, আমরা ঐক্যবদ্ধভাবে বাজারের কমিটির সাথে নিয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এবং ভৈরব থানার অফিসার ইনচার্জকে লিখিতভাবে জানাব। পাশাপাশি আমাদের স্থানীয় সংসদ সদস্য পাটমন্ত্রী মো. শরীফুল আলমকেও বিষয়টি অবহিত করব।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান আকন্দ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জরুরি কাজে ঢাকা আছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত