মালয়েশিয়া সফরে সেনাপ্রধান

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ এএম

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত রবিবার তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। আইএসপিআর জানায়, সফরের অংশ হিসেবে সেনাপ্রধান গতকাল সোমবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬ এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও সামরিক সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে। তা ছাড়া তিনি আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য ৮ম পুত্রজায়া ফোরামে অংশ নেবেন। ওই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক নীতি ও কৌশল নিয়ে আলোচনা হবে।

 সফরকালে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধানের দ্বিপক্ষীয়  বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত