পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পরিশ্রমের বিকল্প নেই। তবে অনেক সময় পরিশ্রম করেও চিন্তায় থাকে শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রস্তুতির পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা তো অবশ্যই রাখতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দোয়া করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা যেতে পারে।
এছাড়া পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে। পরীক্ষার হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণশক্তি ভাল থাকে তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন ।এর ফলে আপনার স্মরণশক্তি ঠিক থাকবে। আপনি যা পড়ে এসেছেন মনে থাকবে। দোয়াটি হলো—
رب زدني علماً
উচ্চারণ: রব্বি জিদনি ইলমা।
অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও।
আরেকটি দোয়া পড়া যেতে পারে। যে দোয়ায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয় অন্তর খুলে দেওয়ার। দোয়া করা হয় কাঙ্ক্ষিত কাজ সহজের। দোয়াটি হলো—
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي
উচ্চারণ: রব্বিশ রাহলি সাদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহ লুল ওকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওলি।
অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার বুক প্রশস্ত করে দাও। আমার কাজ সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তহা, আয়াত: ২৫-২৮)
رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر
উচ্চারণ: ‘রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’
অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা ৭০০৩, ১১২৯৯)
পরীক্ষার হলে ভুলে গেলে যে দোয়া পড়বেন
অনেক সময় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও দেখা যায় পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই। সেজন্য কিছু আমল করা যায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা আর নিচের দোয়াটি পড়া।
‘আল্লাহুম্মা জাক্কিরনি মিনহুমা নাসিতু, ওয়া আল্লিমনি মিনহুমা জাহিলতু’
অর্থ: হে আল্লাহ আমি যা ভুলে গেছি আমাকে স্মরণ করিয়ে দাও, আর আমি যা জানি না তা আমাকে শিখিয়ে দাও।