‘মানুষের মধ্যে মেসিই নম্বর ওয়ান, কিন্তু আমার বাবা ঈশ্বর’

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

ফুটবল বিশ্বে লিওনেল মেসি বনাম ডিয়েগো ম্যারাডোনা— কে সেরা? এই চিরন্তন বিতর্ক যেন থামবার নয়। তবে এবার এই বিতর্কে এক ভিন্ন মাত্রা যোগ করলেন খোদ ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র। তার মতে, সাধারণ মানুষের কাতারে মেসি এক নম্বর হলেও, তার বাবা ছিলেন ফুটবলের ‘ঈশ্বর’।

গত সোমবার (২০ এপ্রিল) রাতে স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘লা রেভুয়েল্টা’-তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে ম্যারাডোনা-পুত্র তার বাবার বর্ণিল ও জটিল জীবন, ক্যারিয়ার এবং বর্তমান ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সঙ্গে তার তুলনা নিয়ে খোলাখুলি আলোচনা করেন।

উপস্থাপক ডেভিড ব্রঙ্কানো মেসির সঙ্গে ম্যারাডোনার তুলনা নিয়ে প্রশ্ন করলে ম্যারাডোনা জুনিয়র সরাসরি বলেন,'আমি মেসিকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে এটা বলতে পারি— সাধারণ মানুষ বা রক্ত-মাংসের মানুষ হিসেবে মেসিই বিশ্বের এক নম্বর খেলোয়াড়। কিন্তু আমার বাবা (ডিয়েগো ম্যারাডোনা) ছিলেন ফুটবলের ঈশ্বর। তাদের মধ্যে কোনো তুলনা হয় না।'

ম্যারাডোনা জুনিয়র দাবি করেন, তার বাবার ঝুলিতে তিনটি বিশ্বকাপ থাকা উচিত ছিল। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা সম্পর্কে তিনি বলেন, 'আমার বাবার থেকে দুটি বিশ্বকাপ চুরি করা হয়েছে। ১৯৯০ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপ দুটিও তার জেতা উচিত ছিল। সেটি হলে তিনি তিনটি বিশ্বকাপ জয়ের মালিক হতেন।'

ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে আবেগপ্রবণ হয়ে পড়েন ম্যারাডোনা জুনিয়র। ১৯৮৬ সালে ইতালির নেপলসে জন্ম নেওয়া এই ফুটবল কোচ জানান, দীর্ঘ ২৯ বছর পর তিনি তার বাবার সান্নিধ্য পেয়েছিলেন, 'আমার মা (ক্রিস্টিয়ানা সিনারা) আমাকে মিথ্যা বলেননি, সবসময় সত্যটাই জানিয়েছেন। ২৯ বছর পর বাবার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। আমরা যখন ডিনারে দেখা করি, আমার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। আমরা অতীত নিয়ে কোনো কথা বলিনি, শুধু বর্তমান নিয়ে কথা বলেছি। তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে সুখের দিনগুলোর অধিনায়ক।'

২০২০ সালের নভেম্বরে প্রয়াত হওয়া ফুটবল কিংবদন্তি সম্পর্কে ছেলে বলেন, 'বাবার জীবন ছিল যেমন জটিল, তেমনি সুন্দর। তিনি হয়তো অনেক ভুল করেছেন এবং তার জন্য মাশুলও দিয়েছেন। কিন্তু তিনি কখনো কারো ক্ষতি করেননি। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি মাঠে এবং মাঠের বাইরে কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন।'

বর্তমানে ইতালির নেপলসে বসবাস করা ম্যারাডোনা জুনিয়র ফুটবল কোচ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ছেন। বাবার মৃত্যুর পর থেকে প্রতিটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তাকে সামনের সারিতে দেখা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত