ফুটবলের সবুজ গালিচা থেকে এবার ক্রিকেটের বাইশ গজে পা রাখলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার জুড বেলিংহ্যাম। নিজের জন্মশহর বার্মিংহামের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি 'বার্মিংহাম ফিনিক্স'-এর মালিকানায় যুক্ত হলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। 'দা হান্ড্রেড' টুর্নামেন্টের এই দলটিতে প্রায় ১০ লাখ পাউন্ড (১ মিলিয়ন) বিনিয়োগ করে তিনি দলটির সংখ্যালঘু অংশীদার হয়েছেন।
মার্চে এবারের টুর্নামেন্টের জন্য নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ১ লাখ পাউন্ডে কেনে বার্মিংহাম ফিনিক্স। টি-টুয়েন্টি হিসেবে স্বীকৃত ‘দ্য হানড্রেড’–এ এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। আর প্রথমবারই খেলবেন তিনি বেলিংহামের ক্লাবে। আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের নতুন মৌসুম।
ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব বুধবার সকালে এক বিবৃতিতে বেলিংহ্যামের এই বিনিয়োগের খবরটি নিশ্চিত করেছে। বেলিংহ্যাম ফ্র্যাঞ্চাইজিটির ১.২% শেয়ার কিনেছেন। যার আনুমানিক মূল্য ৮ লাখ পাউন্ড । পুরো ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪৮ মিলিয়ন পাউন্ড হিসেবে এই অংশীদারিত্ব নির্ধারিত হয়েছে।
এখানে উল্লেখ করা যায়, রিয়াল মাদ্রিদ থেকে বছরে ১৮ মিলিয়ন পাউন্ড বেতন পাওয়া বেলিংহামের আর্থিক সম্পদ প্রায় ৪ কোটি পাউন্ড।
ছোটবেলায় হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র ক্রিকেট খেলা বেলিংহ্যাম আজীবনই ক্রিকেটের ভক্ত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একদিনের জন্য পেশা বদল করতে পারলে তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস হতে চাইতেন। বিনিয়োগ প্রসঙ্গে বেলিংহ্যাম বলেন: "আমি বার্মিংহামকে ভালোবাসি এবং এই শহর আমার জন্য যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। সুযোগ পাওয়ার পর আমি দ্বিতীয়বার ভাবিনি। আমি চাই শহরের বাচ্চারা খেলাধুলার সুযোগ পাক। কেউ ফুটবল পছন্দ করবে, কেউ ক্রিকেট। আমি চাই তাদের সেই সুযোগটা তৈরি করে দিতে।"
মাঠে খেলার পাশাপাশি বেলিংহ্যাম বার্মিংহাম ফিনিক্সের হয়ে সামাজিক উন্নয়নমূলক কাজ ও কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্টে বিশেষ ভূমিকা রাখবেন। নাইটহেড ক্যাপিটালের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলিংহ্যামের উপস্থিতি নতুন প্রজন্মের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করবে।
বার্মিংহাম ফিনিক্সের পুরুষ দলের অধিনায়কত্ব করছেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল এবং নারী দলের নেতৃত্বে রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি। বেলিংহ্যামের এই বিনিয়োগ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লেস্টারের ঐতিহাসিক পতনের পর হামজা চৌধুরীর ভবিষ্যৎ কী