আয়তন ও সক্ষমতার দিক থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, পুরো বন্দর নয়, বরং শুধুমাত্র নির্দিষ্ট ‘টার্মিনাল’ পরিচালনার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা সরকারি অনুমোদনের ভিত্তিতে দেশি-বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হয়।
তিনি জানান, বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে বর্তমানে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান ‘এপিএম টার্মিনালস বিভি’র সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দর একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২’ অনুযায়ী একজন চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত বোর্ড এবং নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা পরিচালিত হয়। বন্দরটি সরাসরি কোনও বিদেশি শক্তির অধীনে যাওয়ার সুযোগ নেই, তবে সরকার কর্তৃক সময় সময় গৃহীত নীতিগত সিদ্ধান্তগুলো বন্দর কর্তৃপক্ষ নিয়মিত প্রতিপালন করে থাকে।
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অগ্রগতির কথা মাথায় রেখেই বন্দরের সক্ষমতা বাড়াতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
