আখাউড়ার সঙ্গে ৬ গ্রাম সংযুক্তির বিষয়ে গণশুনানি 

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙ্গে ৬ গ্রাম নিয়ে প্রস্তাবিত বরিশল ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সাথে সংযুক্ত হওয়ার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে বরিশল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে ৬ গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল। ৬ গ্রাম হলো- বরিশল, বৈষ্টবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ উপস্থিত থেকে শুনানী করেন। সদর উপজেলা থেকে আলাদা হয়ে আখাউড়া উপজেলায় একিভূত হওয়ার আগ্রহের কারণ সম্পর্কে এলাকাবাসীর মতামত শুনেন।

এসময় উল্লেখিত ৬ গ্রাম থেকে ২/৩ জন করে প্রতিনিধি আখাউড়া উপজেলা সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তাদের আগ্রহ এবং তাদের যুক্তি তুলে ধরে বক্তব্য দেন।

গণশুনানিতে বক্তব্য দেন ৬ গ্রামের  ইউপি সদস্য সোহরাব মিয়া, ইউপি সদস্য বাছির খাঁ, ইউপি সদস্য টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, হাজী সালাউদ্দিন ভূইয়া,  দানিস খলিফা, নূরে আলম সিদ্দিকী, বাহাউদ্দীন ভূইয়া মাছুম, টিটু প্রমুখ।

স্থানীয়রা জানায়, তাদের বাড়ি থেকে  জেলা সদর অনেক দূরে। সদরে গিয়ে প্রশাসনিক কার্যক্রম, চিকিৎসাসহ অন্যান্য সেবা নিতে অনেক ভোগান্তি পোহাতে হয়। পক্ষান্তরে ভৌগোলিক কারণে আখাউড়া উপজেলা সদর আমাদের খুব কাছে। যেতে ৫ মিনিট সময় লাগে, আমাদের বহু লোকের ব্যবসা বাণিজ্য আখাউড়ায়। আমাদের ছেলেমেয়েরা আখাউড়ায় স্কুল কলেজে পড়ালেখা করে।  উপজেলা হাসপাতালও সন্নিকটে। আখাউড়ার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাও খুব সহজ। পুলিশি সেবা পেতেও সুবিধা, আমরা আখাউড়া উপজেলার উপর নির্ভরশীল বিধায় আমরা আখাউড়া উপজেলার সাথে সংযুক্ত হতে চাই। 
গণশুনানী শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আখাউড়া উপজেলার একীভূত হওয়ার লক্ষ্যে ৬ গ্রামের শুনানী হয়েছে। এলাকাবাসী এ বিষয়ে তাদের যুক্তি তুলে ধরে বক্তব্য রেখেছেন। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিবেদন পাঠাবো।

উল্লেখ্য, নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জমা দেন জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী কবীর আহমেদ ভূঁইয়া। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্তপূর্বক মতামত দিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়।

বর্তমানে এ বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন কিংবা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নকে আখাউড়ার সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত