জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার মাঝিনা গ্রামে বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো ওই গ্রামের বাসিন্দা মো. এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
নিহতদের স্বজন ও স্থানীয়রা স জানায়, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে এসে হোসেন আলী ও রহমত আলী তাদের আরও চার বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।