মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরোপিত ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) প্রত্যাহার না করলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য যদি এই কর না তুলে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র খুব সহজেই তাদের ওপর 'উল্লেখযোগ্য শুল্ক' আরোপ করতে পারে। তিনি আরও বলেন, “আমরা বিষয়টি নিয়ে ভাবছি, এবং প্রয়োজন হলে বড় ধরনের শুল্ক বসিয়ে আমরা এর জবাব দিতে পারি—তাই তাদের সতর্ক থাকা উচিত।”
২০২০ সালে চালু হওয়া যুক্তরাজ্যের ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স অনুযায়ী, যেসব বড় প্রযুক্তি কোম্পানির বৈশ্বিক ডিজিটাল আয় ৫০০ মিলিয়ন পাউন্ডের বেশি এবং এর মধ্যে অন্তত ২৫ মিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যের ব্যবহারকারীদের থেকে আসে, তাদের আয়ের ওপর ২ শতাংশ কর আরোপ করা হয়। এই করের আওতায় মূলত যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই পড়েছে।
ট্রাম্পের দাবি, এ ধরনের আইন বিশ্বের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোকে' লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়। দীর্ঘদিন ধরেই এই কর ইস্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, সেখানে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স একটি আলোচিত বিষয় হলেও এতে কোনো পরিবর্তন আনা হয়নি।
