ফ্লোরিডায় নিখোঁজ জামিল-বৃষ্টির সন্ধানে ফরেনসিক তল্লাশি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মামলায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন তাদের ‘বিপদগ্রস্ত’ ঘোষণা করে স্যান্ড কি পার্কে ফরেনসিক তল্লাশি চালিয়েছে। এমনকি তাদের সন্ধানে একাধিক স্থানেও অনুসন্ধান চলছে। 

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, তারা সার্বক্ষণিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সন্তোষজনক কোনো খবর এখনো তাদের কাছে নেই। পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু জানাচ্ছে না। 

তবে পুলিশ জানিয়েছে, উভয়েই ক্যাম্পাসের বাইরে থেকে উধাও হয়েছেন। যদিও আগে বলা হয়েছিল, তারা ক্যাম্পাস থেকেই নিখোঁজ হন। ক্যাম্পাসের বাইরে ঠিক কোথা থেকে বা কত দূর থেকে, তারা একসঙ্গে ছিলেন নাকি আলাদা—এ বিষয়ে পুলিশ বাংলাদেশ কনস্যুলেট প্রতিনিধিকে বিস্তারিত কিছু জানায়নি।

এক সপ্তাহ পেরিয়ে গেলেও ফ্লোরিডার টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি। এদিকে তদন্তে এসেছে গুরুত্বপূর্ণ নতুন মোড়। হিলসবোরো কান্ট্রি শেরিফের কার্যালয় এখন তাদের “এনডেঞ্জার্ড” বা “বিপদগ্রস্ত” হিসেবে ঘোষণা করেছে—যার অর্থ, গোয়েন্দারা এখন বিশ্বাস করছেন তারা কোনো বিপদের মধ্যে রয়েছেন।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নতুন তথ্য সামনে এসেছে, যা তদন্তের ধারা বদলে দিয়েছে। তবে তদন্তের স্বার্থে নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।

হিলসবোরো কাউন্টির গোয়েন্দারা জানিয়েছেন, তারা সক্রিয়ভাবে বিভিন্ন তথ্যসূত্র অনুসরণ করছেন এবং একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছেন। তবে কোন কোন স্থানে তল্লাশি চলছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে তারা নিখোঁজ হন। জামিল লিমনকে সর্বশেষ সকাল ৯টার দিকে অ্যাভালন হাইটস বুলেভার্ডে তার বাসস্থানে দেখা যায়। নাহিদা বৃষ্টিকে সকাল ১০টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের এনইএস ভবনে সর্বশেষ দেখা যায়। উভয়ের পাসপোর্ট তাদের নিজ নিজ স্থানে পাওয়া গেছে। জামিলের ফোন সর্বশেষ সকাল ১১টার দিকে তার অ্যাপার্টমেন্টের কাছাকাছি ট্রেস করা হয়।

জামিলের ভাই জুবায়ের আহমেদ এবং বৃষ্টির ভাই জাহেদ হাসান প্রান্ত বলেছেন, তাদের ভাই-বোনরা কখনো স্বেচ্ছায় এভাবে নিখোঁজ হওয়ার মানুষ নন। বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এফবিআইকে মামলায় যুক্ত করার অনুরোধ করেছে। আইস নিশ্চিত করেছে, তাদের কেউই সংস্থাটির হেফাজতে নেই।

দেশে-বিদেশে বাংলাদেশিরা এ ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। বাংলাদেশে উভয় পরিবার দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। “এনডেঞ্জার্ড” মর্যাদার ঘোষণা এবং ফরেনসিক ইউনিটের সম্পৃক্ততা পরিস্থিতির গুরুতরতা আরও স্পষ্ট করেছে।

এসময় যে কেউ জামিল লিমন বা নাহিদা বৃষ্টি সম্পর্কে কোনো তথ্য জানলে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ে ৮১৩-২৪৭-৮২০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত