জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানাতে যাচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজ। 

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব পুতিনকে অনেকটাই এড়িয়ে চললেও এই আমন্ত্রণ আন্তর্জাতিক চাপ কিছুটা কমার ইঙ্গিত দিচ্ছে। চলতি বছর জি-২০-এর আয়োজক যুক্তরাষ্ট্র, আর ডিসেম্বর মাসে ফ্লোরিডায় জমকালো সম্মেলনের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জি-২০-এর সব সদস্য দেশকেই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।

তবে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, 'আমি মনে করি না তিনি আসবেন,' যদিও পুতিনের অংশগ্রহণকে সহায়ক বলেও উল্লেখ করেন। এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে ২০১৪ সালে জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলেন। 

গত আগস্টে আলাস্কায় পুতিনকে স্বাগত জানান ট্রাম্প, যা যুদ্ধ শুরুর পর পশ্চিমা ভূখণ্ডে তার প্রথম সফর। হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনের চেষ্টা করছেন, যদিও ইউক্রেন যুদ্ধ থামাতে তার উদ্যোগে তেমন অগ্রগতি হয়নি। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকেও দোষারোপ করেছেন সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের অংশগ্রহণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার পানকিন বলেন, ডিসেম্বর ১৪-১৫ তারিখের সম্মেলনে রাশিয়াকে সর্বোচ্চ পর্যায়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে আন্তর্জাতিক অপরাধ কোর্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ফলে অনেক দেশ সফর এড়িয়ে চললেও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় বলে নতুন করে অংশগ্রহণের প্রস্তাব আসে। পুতিন সর্বশেষ ২০১৯ সালে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছিলেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত