রাজধানীর যাত্রাবাড়ী এলাকাই আবুল কালাম (৫০) নামের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত আবুল কালামের ছেলে মো. আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার বাবা বাসায় ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে তার বাবাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
