কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন নামে এক মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আটক বিষযে নিশ্চিত করেন।
আটক মো. ইয়াসিন (২৮) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়ার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ২৩ এপ্রিল রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী মো. ইয়াসিনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ মানবপাচারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে বলে স্বীকার করেন।
জব্দ অস্ত্র ও আটক ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
