ছড়া

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ এএম

আম কুড়ানোর ধুম

নকুল শর্ম্মা

বৈশাখ এলো ঝড়ের বেগে

গাছে কাঁচা আম,

আম কুড়াতে ছুটছে খুকু

নেই তো যে ডান বাম।

 

যেদিকে আম পড়ছে ঝরে

যাচ্ছে সেদিক পানে,

উল্টো বাতাস খুকুর জামা

উল্টো দিকে টানে।

তবু খুকুর নেই ভাবনা

আম কুড়ানোর ধুম,

বৈশাখ মাসের এই দুপুরে

নেইকো খুকুর ঘুম।

 

লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে

কাঁচা আমের স্বাদ,

সব ভুলে যায় ছোট্ট খুকু

ভেঙে খুশির বাঁধ।

গুপ্তধন

এম আব্দুল হালীম বাচ্চু

গুপ্তধনের আশায় গেলাম

পুরনো এক বনে,

মাটির নিচে কী যে আছে

ভাবছি মনে মনে।

 

খুঁড়তে খুঁড়তে হঠাৎ পেলাম

লোহার একটি পাত্র

খুলে দেখি ভেতরে তার

জুতা-মোজা মাত্র!

বন্ধু বলে এই কি তবে

রাজাদের সেই ধন

হেসে বললাম সবুর করো

শক্ত করো মন!

 

হঠাৎ দেখি গাছে লেখা

সামনে আছে তালা

খুলতেই দেখি লাড্ডুভরা

গুপ্তধনের থালা!

ইচ্ছে ডানায়

আঁকা ছবি

হাফিয রেদওয়ান

 

ভোর সকালে কু কু কু

ডাকে ঘুঘু পাখি।

ঘুঘুর ডাকে খুকুমণির

খোলে দুটি আঁখি।

 

ঘুম থেকে যে ওঠে দেখে

আমের গাছের শাখে।

ঘুঘু পাখি তার ছানাকে

পালক দিয়ে ঢাকে।

 

খুকুমণি রঙতুলিতে

সেই ছবিটা আঁকে।

দৌড় দিয়ে তাই আঁকা ছবি

দেখালো তার মাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত