ভুল তথ্য ছড়ানো ও কর্মস্থলে অনুপস্থিতি থাকাসহ নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আস্মিক পরিদর্শনে এসে তিনি প্রত্যাহারের নির্দেশ দেন।
প্রত্যাহারপ্রাপ্তরা হলেন সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর ও সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান।
শুক্রবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন সরমঞ্জামদি সম্পর্কে খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহার করেন। এছাড়া অনিয়ম ও কর্মস্থালে অনুপস্থিতির কারণ দেখিয়ে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী মিজানুর রহমাকে প্রত্যাহার করা হয়।
