মাদারীপুরের ডাসারে জমি মাপাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাতিয়াল ইউনিয়নের বালিগ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মোফাজ্জুল সরদার (৭৬), ইমরান সরদার (২২), সাথী বেগম (২০), নুর ইসলাম সরদার (৫০), মারুফ হোসেন (১৮), হোসনেয়ারা বেগম (৩২), পাপিয়া বেগম (৩০) ও সুফিয়া আক্তার (২২)। তারা সবাই মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোফাজ্জুল সরদার ও নুর ইসলাম সরদারদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে বসতবাড়ির পাশের জমিতে মাপঝোককে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষই সংঘবদ্ধ হয়ে লাঠি, বাঁশ, ছেনদা ও বেলচাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোট ৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
