নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলের নৈশভোজের সময় বিকট শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামের ওই হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। 

আলোচনার এ পর্যায়ে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিবিএসের খবরে বলা হয়েছে, এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে অনুষ্ঠানের ভেন্যুতে এ ঘটনা ঘটে। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ হাজারো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।

রয়টার্স জানিয়েছে, ডিনারে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। কারণ অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে হঠাৎ করে গোলমাল ও উচ্চ শব্দ শোনা যায়। এ সময় প্রায় ২,৬০০ অতিথির অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আর ওয়েটাররা দ্রুত ডাইনিং হলের সামনে দিকে সরে যান।

নিরাপত্তাকর্মীরা মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার ঠিক আগে লাইভ সম্প্রচারে দেখা যায়, মেলানিয়া ট্রাম্প ভিড়ের দিকে কিছু একটা লক্ষ্য করে উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পুল জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস তাদের আটকে রেখেছে। প্রতিবেদনে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ‘হোয়াইট হাউস পুল’ হলো সাংবাদিক, আলোকচিত্রী এবং প্রযুক্তিবিদদের একটি ছোট দল, যারা প্রতিদিন প্রেসিডেন্টের কার্যক্রম কভার করার দায়িত্বে থাকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত