ভর্তি পরীক্ষা

প্রতিবন্ধী পরীক্ষার্থীকে কাঁধে তুলে কেন্দ্রে নিলেন ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদল নেতা 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়। এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে দেখা গেল মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। পরীক্ষা দিতে আসা এক শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ করতে পারছিলেন না। সময় ঘনিয়ে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এমন সময় এগিয়ে আসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক মানিক।  
 
পরিস্থিতি বুঝে তিনি আর দেরি না করে সহপাঠীদের নিয়ে ওই পরীক্ষার্থীকে কাঁধে তুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনসিসির সদস্য আব্দুল্লাহ আল মুহিত ও বাংলা বিভাগের শিক্ষার্থী এমরান হোসাইন মজুমদার।  
 
ঘটনাটি মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এসেময় সেখানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 
ওমর ফারুক মানিক  বলেন, রাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়, মানুষের পাশে দাঁড়ানোও রাজনীতির অংশ। একজন ভাই যেন পরীক্ষা দিতে পারে, সেটাই আমাদের দায়িত্ব মনে করেছি। ভবিষ্যতেও এমন মানবিক কাজে পাশে থাকবো।
 
সহায়তা পাওয়া পরীক্ষার্থী আবেগঘন কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্য বলেন, আমি ভাবছিলাম হয়তো আজ পরীক্ষা দিতে পারবো না। কিন্তু আপনারা আমাকে সাহায্য করেছেন। এই উপকার আমি কখনো ভুলবো না।
 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত