মাদারীপুরের ডাসারে জমি মাপাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মারুফ সরদার (১৬) রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজনা বিরাজ করছে। নিহত মারুফ সরদার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের ছেলে।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) সকালে একই এলাকায় জমি মাপাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন— মোফাজ্জুল সরদার, ইমরান সরদার, সাথী বেগম, নুর ইসলাম সরদার, মারুফ হোসেন, হোসনেয়ারা বেগম, পাপিয়া বেগম ও সুফিয়া আক্তার। তাদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম সরদার ও মোফাজ্জুল সরদারদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে জমি মাপাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠি, বাঁশ, ছেনদা ও বেলচাসহ দেশীয় অস্ত্র দিয়ে উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের পর আহতদের হাসপাতালে নেওয়ার পথে ভদ্রখোলা এলাকায় আবারও তাদের পথরোধ করে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে মারুফ সরদার গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে রবিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফের মা মাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচ মেয়ের পর আমার একমাত্র ছেলেকে আল্লাহ দিয়েছিল। তাকেও আমার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও ডাসার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
