নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ এপ্রিল) উপজেলার জালকুড়ি এলাকায় ‘আবদুল্লাহ ফুড প্রোডাক্ট’ নামে ওই প্রতিষ্ঠানে জেলা প্রশাসন, র্যাব-১১ ও বিএসটিআই এই যৌথ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিসা ও র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে ভোজ্য তেল বোতলজাত করে বাজারে সরবরাহ করছিল। ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল সাফি, ন্যাশনাল, রূপের রানী, রানী ও গ্রামীণ। এছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের অভিযোগও পাওয়া গেছে।
ভোক্তা অধিকার লঙ্ঘন ও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।