রিপন মণ্ডলের জন্য দিনটি হতে পারত প্রাপ্তির, কিন্তু শেষ পর্যন্ত তা আক্ষেপেই শেষ হলো। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে উইকেটের সুযোগ তৈরি করেছিলেন তিনি। তাঁর বলে ক্যাচ তুলে দিয়েছিলেন জশ ক্লার্কসন, কিন্তু সেটি তালুবন্দি করতে ব্যর্থ হন রিশাদ হোসেন। ফলে বাংলাদেশের পাঁচ বোলারের মধ্যে কেবল রিপনই উইকেটশূন্য থেকে মাঠ ছাড়লেন।
তবে উইকেটের দেখা না পেলেও ডেথ ওভারে রিপন ছিলেন দুর্দান্ত। তাঁর আঁটসাঁট বোলিংয়ের কারণে শেষ ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। ৪ ওভারে ৩৯ রান খরচ করেছেন এই পেসার।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল ঝোড়ো। শরীফুলের করা প্রথম ওভার থেকেই তারা তুলে নেয় ১১ রান। দ্বিতীয় ওভারে হৃদয়ের সরাসরি থ্রোতে রবিনসন (০) রানআউট হলেও কিউইদের রানের গতি কমেনি। পাওয়ার প্লের ৬ ওভারে ৬১ এবং ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০০ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে করেন ডেন ক্লিভার ও কাটেনে ক্লার্ক। এছাড়া অধিনায়ক নিক কেলি করেন ৩৯ রান। তবে দশম ওভারে রিশাদের বলে ক্লিভার এলবিডব্লিউ হওয়ার পর ম্যাচের লাগাম টানে বাংলাদেশ। ১১ থেকে ১৫তম ওভারের মধ্যে মাত্র ৩০ রান যোগ করতে আরও ৪টি উইকেট হারায় সফরকারীরা। শেষ ৫ ওভারে তারা ১ উইকেটে ৫২ রান তুললে ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ১৮২/৬।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩২ রানে ২টি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৮২/৬ (২০ ওভার); ক্লিভার ৫১, ক্লার্ক ৫১, কেলি ৩৯, ক্লার্কসন ২৭*; রিশাদ ২/৩২, মেহেদী ১/৩১, শরীফুল ১/৩৬, তানজিম ১/৪০।
